কবি সালমা আক্তার এর একগুচ্ছ কবিতা
‘‘আমন্ত্রণ’’
একাকীত্ব এবং
নির্জনতার তফাৎ যখন বুঝতে পারি না,
তখন তোমাকে
আমার খুব মনে পড়ে,
এমনো দিনে,
আষাঢের বানে, যদি বর্ষা শুরু হয়,
তবে মেঘের
ডাকে তুমি শ্রাবণ হয়ো।
:::::::
‘‘নৈঃশব্দ্যের বিলাপ’’
সত্য সদা আড়াল
খোঁজে
আমরা নৈঃশব্দ্যকে
বাজি রেখে
সঞ্চিত চিবুক
ছুঁয়ে—ছুঁতে চেয়েছিলাম প্রেম
অলিখিত
এপিটাফে
অনুচ্চারিত ব্যাকরণে
ছুঁতে পারিনি
কেউ অন্দরমহল
অনুরাগের
বৃষ্টিজলের প্রতিধ্বনিতে
মুছে গেছে
উন্মাদনার দীর্ঘঘোর
আমাদের
আগ্রহশূন্য নেমে এসেছে
আঁধারের গভীরে
শিয়রের
জানালায় ছিলাম পাশাপাশি
তবু চিনতে পারিনি
কেউ কাউকে।
:::::::
‘‘কবিতার শহর’’
ঘোর না কাটা
একটা সন্ধ্যা নামুক,
যে শহরে তুমি
আমি হাত ধরে হাঁটবো...!
সে শহরে সন্ধ্যার জোৎস্না মেখে
তোমার চোখে তাকানোর পর মনে হয় যেন—
আজ থেকে এই
শহর কবিতার শহর।
শহরের অলিতে
গলিতে কবিতারা হেসে বেড়াবে
আমাদের
উদ্ভাসিত কবিতারা সুর তুলবে
যুগল বন্দির
ঠোঁটের ভাঁজে,
আমাদের
কবিতারা স্থান পাবে
ব্যর্থ প্রেমিকের বুকে, নিকোটিনের ধোঁয়া
আর
অযাচিত কষ্টরা
সব মিশে যাবে রক্তক্ষয় শব্দের সাথে
ফানুস উড়াবার
আনন্দের মত রঙিন হয়ে উঠবে
তোমার আমার অবিচ্ছেদ্য এক কবিতার শহর।
এমন একটা ঘোর
না হয় থাকুক!
:::::::::
‘‘স্মৃতির আতুরঘর’’
আমায় নিয়ো নীল
নয়না
তোমার শীতল
দৃষ্টি যেন পৌরাণিক উপন্যাস,
হয়তো জমে আছে
তাতে আটপৌরে স্মৃতি,
বাক্স বন্দি
ধুলাবালি মাখানো ছেঁড়া খাম,
অশ্রু
প্রবাহিত কিছু প্রতিশ্রুতি,
কিছু ঝরা
গোলাপের পাপড়ি,
কিছু আনাড়ি
কথার উৎসব,
কিছু অভিমান,
কিছু হাসি, কান্না।
কেমন যেন মনে
হয় কোথায় যেন লেপ্টে আছো,
অনুভব করি;
ছুঁতে পারি না।
::::::::
‘‘রক্ত জবা’’
ঝিঁনুকের মতো
লুকিয়ে রাখতে হয় ক্ষতস্থান, দুঃসময়, অপমান, দীর্ঘশ্বাস
গোপন তিলের
মতো ঢেকে রাখতে হয় আশা জাগানিয়া কিছু অপ্রাপ্তি
প্রাপ্তির
ঝুলিতে যদি থাকে অপ্রত্যাশিত কিছু চুমুর দাগ,
মিথ্যে হলেও যদি থাকে কিছু মুহূর্তের
মিষ্টি আলিঙ্গন
তা-ও লুকিয়ে
রাখতে হয় অতি গোপনে, সযত্নে।
পূর্ণাঙ্গ
পূর্ণতা নিয়ে কে জয়ী হয়েছে কবে?
কিছু গোপন
আলিঙ্গন, কিছু চুমুর দাগ,
থাকুক ভাবনার
গভীরে মাঝরাত্রির দীর্ঘশ্বাসে।
::::::::::::
‘‘দেয়াল’’
অনেকটা কাছে
এসে বুঝেছি
আমাদের মাঝে
বিস্তর ফারাক,
অসম্মানের
ক্লেদে প্রণয়বাতি নিভে গেছে
যখন দেখি
তোমার মাঝে অন্য আরেক।
